বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। সোমবার (২০ জুলাই) রাজধানী মাদ্রিদে পৌঁছানোর পর নতুন বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিমানবন্দর থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলোতে ভিড় করেন লাখো সমর্থক। রাজকীয় সংবর্ধনা, ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন প্যারেড এবং বর্ণাঢ্য বিজয়োৎসবে দিনভর উৎসবের নগরীতে পরিণত হয় স্পেনের রাজধানী।
বিমানবন্দরে পৌঁছেই সমর্থকদের উচ্ছ্বাসে সাড়া দেন লামিনে ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেসসহ বিশ্বকাপজয়ী দলের সদস্যরা। দীর্ঘ সফরের ক্লান্তি থাকলেও সমর্থকদের শুভেচ্ছার জবাব দিতে ভুল করেননি তারা।
আনুষ্ঠানিক সংবর্ধনার প্রথম আয়োজন হয় সারসুয়েলা রাজপ্রাসাদে। সেখানে স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ, রানি লেতিসিয়া এবং রাজকন্যা লিওনোর ও সোফিয়া বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানান। খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিশ্বকাপ ট্রফিও পরিদর্শন করেন রাজপরিবারের সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে রাজা ফেলিপে বলেন, জাতীয় দল মাঠে নামলে পুরো স্পেন তাদের সঙ্গে লড়াই করে। এই বিশ্বকাপ জয় শুধু একটি দলের সাফল্য নয়, বরং পুরো জাতির গর্বের প্রতীক।
রাজপ্রাসাদ থেকে পুরো দল যায় মোনক্লোয়া প্রাসাদে, যেখানে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশ্বচ্যাম্পিয়নদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই অর্জন স্পেনের প্রতিটি নাগরিকের এবং জাতীয় দলের কঠোর পরিশ্রম, নিবেদন ও অসাধারণ পারফরম্যান্সই দেশকে আবারও বিশ্বসেরার আসনে বসিয়েছে।
পরে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা ছাদখোলা বাসে রাজধানীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সড়কের দুই পাশে দাঁড়িয়ে লাখো মানুষ পতাকা, ব্যানার ও স্লোগানে বিশ্বচ্যাম্পিয়নদের অভিনন্দন জানান।
চ্যাম্পিয়ন প্যারেডের শেষ গন্তব্য ছিল মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস স্কয়ার। সেখানে বর্ণাঢ্য বিজয় উৎসবে অংশ নেন খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকেরা। আলোকসজ্জা, সংগীত পরিবেশনা এবং উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।
অনুষ্ঠানে কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, এই দলের দায়িত্ব পালন করা তার জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি। তিনি জানান, এই সাফল্যের পেছনে শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের নিরলস পরিশ্রম রয়েছে।
স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিবেলেস স্কয়ার ও আশপাশের এলাকায় প্রায় ২০ লাখ সমর্থক বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন। রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য শহরেও বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধনা দিতে পৃথক আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।