দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম হঠাৎ করেই বেড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ১২ টাকা বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে।
বর্তমানে বাজারে দেশি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও একই পেঁয়াজের দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা কেজি।
ব্যবসায়ীদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি মোকামগুলোতে সরবরাহও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সরবরাহ সংকটের সরাসরি প্রভাব পড়েছে পাইকারি বাজারে, যার ফলে দাম বেড়েছে।
হিলি পাইকারি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আতোয়ার গনি ওসমান বলেন, উৎপাদনকারী এলাকাগুলোতে অতিবৃষ্টি ও বন্যার কারণে অনেক জমির পেঁয়াজ নষ্ট হয়েছে। ফলে মোকাম থেকে পর্যাপ্ত পেঁয়াজ আসছে না। তিনি আশা প্রকাশ করেন, সরবরাহ স্বাভাবিক হলে বাজারে দামও ধীরে ধীরে কমে আসবে।
এদিকে বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা বলছেন, কয়েক দিনের ব্যবধানেই কেজিতে ১০ থেকে ১২ টাকা দাম বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ আরও বেড়েছে। তারা বাজারে নিয়মিত তদারকি বাড়িয়ে মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
খুচরা বিক্রেতারাও বলছেন, বর্তমান মূল্যবৃদ্ধির মূল কারণ সরবরাহ সংকট। উৎপাদনকারী অঞ্চল থেকে স্বাভাবিক হারে পেঁয়াজ বাজারে আসা শুরু হলে দাম আবার কমতে পারে বলে তাদের প্রত্যাশা।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।