অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮১ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) তার এজেন্ট মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ডাবলিনে জন্ম নেওয়া ব্রেন্ডা ফ্রিকার মাত্র ১৯ বছর বয়সে অভিনয়জীবন শুরু করেন। চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনে দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
১৯৮৯ সালের আলোচিত সিনেমা ‘মাই লেফট ফুট’-এ ব্রিজেট ফ্যাগন ব্রাউন চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জেতেন। এর মাধ্যমে তিনি প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন।
‘মাই লেফট ফুট’-এর পরিচালক জিম শেরিডান তাকে অসাধারণ অভিনেত্রী ও শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেছেন। আইরিশ চলচ্চিত্রের পাশাপাশি হলিউডেও নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন ফ্রিকার।
‘দ্য ফিল্ড’, ‘সো আই ম্যারিড অ্যান অ্যাক্স মার্ডারার’, ‘এ টাইম টু কিল’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে বিশ্বজুড়ে দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান ‘হোম অ্যালোন ২’-এর দয়ালু ‘পিজন লেডি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে।
ব্যক্তিজীবনে রসিক ও প্রচারবিমুখ হিসেবে পরিচিত ছিলেন ব্রেন্ডা ফ্রিকার। অস্কার জয়ের পরও পুরস্কারটি নিয়ে তার মধ্যে কোনো বাড়তি অহংকার ছিল না। তার অনন্য ব্যক্তিত্ব ও দীর্ঘ অভিনয়জীবনের জন্য বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন এই কিংবদন্তি অভিনেত্রী।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।