জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমাদের বলা হয় জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী। কিন্তু আমরা চাঁদাবাজি ব্যবসায়ী নই।”
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা জিরো পয়েন্টে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘চাঁদাবাজির সংস্কৃতি বন্ধ হওয়ার কথা ছিল’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৭ বছরে দেশের অনেক ব্যবসায়ী নানা ধরনের চাঁদাবাজি ও রাজনৈতিক চাপের মুখে ব্যবসা পরিচালনা করেছেন। তিনি অভিযোগ করেন, সে সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কারণে অনেক ব্যবসায়ী স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারেননি।
তার দাবি, জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক ব্যবসায়ীর প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশে চাঁদাবাজির সংস্কৃতির অবসান হবে। তবে ৫ আগস্টের পরও ব্যবসায়ীরা নতুন করে চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
‘আমরা সন্ত্রাস বা গুন্ডাতন্ত্রে বিশ্বাস করি না’
পাটওয়ারী বলেন, শহীদ উসমান হাদীর হত্যার বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে তাদের ‘হাদী ব্যবসায়ী’ বা ‘জুলাই ব্যবসায়ী’ বলে সমালোচনা করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, আমরা হাদী ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী। কিন্তু আমরা চাঁদাবাজি ব্যবসায়ী নই। আমরা গুন্ডাতন্ত্র বা সন্ত্রাসে বিশ্বাস করি না।”
তিনি আরও বলেন, এনসিপি জনগণের অধিকার ও ন্যায়বিচারের দাবিতে রাজনীতি করছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান অব্যাহত রাখবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।