চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এই তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ
শিক্ষামন্ত্রী বলেন, তার সাম্প্রতিক ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। তিনি কাউকে উদ্দেশ্য করে মন্তব্য করেননি উল্লেখ করে বলেন, তাঁর বক্তব্যে কেউ আহত হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
তার এই বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান।
কেন পুনরায় পরীক্ষা?
পরীক্ষা পুনরায় নেওয়ার কারণ ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার সময় ভারী বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী ভিজে পরীক্ষাকেন্দ্রে পৌঁছায় এবং স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেনি-এমন অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
চট্টগ্রাম বোর্ডে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা
মন্ত্রী জানান, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার পরীক্ষা ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। ফলে স্থগিত পরীক্ষাগুলোর জন্য নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
তিনি বলেন, সেই সময় পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষাও পুনরায় আয়োজন করা হবে।
তবে পুনঃপরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরে শিক্ষা বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।