টানা বৃষ্টি ও জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর বাজারে আবারও বেড়েছে মুরগির দাম। বর্তমানে ব্রয়লার (ফার্মের) মুরগি প্রতি কেজি ১৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে সোনালি মুরগি, ডিম ও হাঁসের দামও বেড়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি ও পলাশী এলাকার বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
কারওয়ান বাজারের বিক্রেতা আবদুল জলিল জানান, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বর্তমানে বাজারে সোনালি (কক) মুরগি প্রতি কেজি ৩২০ টাকা, ব্রয়লার ১৮৫ টাকা এবং লেয়ার মুরগি ৩৪০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা ফারুক রহমান বলেন, গত সপ্তাহে তিনি ব্রয়লার মুরগি ১৭৫ টাকা কেজি দরে কিনেছিলেন। তবে মঙ্গলবার একই মুরগি কিনতে হয়েছে ১৮৫ টাকা কেজি দরে। তার মতে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সরবরাহে প্রভাব পড়ায় দাম বেড়েছে।
ডিম ও হাঁসের দামও ঊর্ধ্বমুখী
রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, মুরগির পাশাপাশি হাঁসের দাম প্রতি পিসে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া ফার্মের মুরগির ডিমের দাম প্রতি হালিতে ৫ থেকে ১০ টাকা এবং হাঁসের ডিমের দাম প্রতি হালিতে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহে বিঘ্নের কারণে বাজারে এসব পণ্যের দাম বেড়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।