চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নির্মাণের কয়েক মাসের মধ্যেই ধসে পড়েছে ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি পাকা সড়কের অংশ। টানা বর্ষণ ও নির্মাণত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরদুঃখিয়া গ্রামে ঘটেছে।
সড়ক ধসের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর রোববার (১২ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রায় ৭১ লাখ টাকা ব্যয়ে রামপুর-সোলাখালী সড়ক থেকে সন্তোষপুর বাউন্ডারি পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান সোহেল বিল্ডার্স করপোরেশন।
সরেজমিনে দেখা গেছে, গাজী বাড়ির সামনে পুকুরপাড়সংলগ্ন স্থানে সড়কের একটি বড় অংশ ধসে গেছে। চলমান বর্ষায় বৃষ্টির কারণে ধসের পরিমাণ আরও বাড়ছে এবং সড়কের ক্ষতিগ্রস্ত অংশ ধীরে ধীরে পুকুরের দিকে ঝুঁকে পড়ছে।
এ অবস্থায় সড়কটিতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে বর্ষা মৌসুমেই সড়কের আরও বড় অংশ পুকুরে বিলীন হয়ে যেতে পারে।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন, শাহাদাত হোসেনসহ অনেকেই অভিযোগ করেন, শুরু থেকেই নির্মাণকাজে অনিয়ম ছিল। পুকুরের গভীরতা বিবেচনায় গাইডওয়াল আরও শক্তিশালী করার দাবি জানানো হলেও তা উপেক্ষা করা হয়। পরে রাস্তা ভরাটের জন্য গাইডওয়ালের পাশ থেকেই ভেকু দিয়ে মাটি কেটে নেওয়া হয়, যা কাঠামোটিকে আরও দুর্বল করে দেয়।
তাদের দাবি, গাইডওয়ালের পাশ থেকে মাটি অপসারণের ফলে বৃষ্টির পানির চাপ সহ্য করতে না পেরে পুকুরপাড়ে বড় ধরনের ধস নেমেছে। এতে সরকারি অর্থের অপচয় হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।
তবে উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি গাইডওয়াল নির্মাণে ত্রুটির প্রমাণ পেয়েছেন। পাশাপাশি গাইডওয়ালের পাশ থেকে মাটি কাটাও ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, প্রকল্পের কাজ গত অর্থবছরে শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত এখনো ফেরত দেওয়া হয়নি। সড়কটি যথাযথভাবে সংস্কার না করা পর্যন্ত সেই জামানত ফেরত দেওয়া হবে না।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।