রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার পাশাপাশি নতুন ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা প্রযুক্তি চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কম খরচে রাজধানীর আরও বেশি এলাকায় নজরদারি বাড়ানোর লক্ষ্যেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, বর্তমানে ব্যবহৃত এআই ক্যামেরাগুলো কার্যকর হলেও তুলনামূলক ব্যয়বহুল। তাই ট্রাফিক আইন বাস্তবায়ন ও নজরদারির পরিধি দ্রুত বাড়াতে কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা স্থাপন করা হবে।
তিনি বলেন, এসব ক্যামেরার মাধ্যমে রাজধানীর আরও বিস্তৃত এলাকায় নজরদারি নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন আসবে।
কম খরচে বাড়বে নজরদারি
আনিছুর রহমান জানান, নতুন প্রযুক্তির ক্যামেরাগুলোর দাম তুলনামূলক কম হলেও কার্যকারিতার দিক থেকে এগুলো ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে ক্যামেরার সংখ্যা বাড়ানো হলে সড়কে আইন প্রয়োগ আরও সহজ হবে।
এআই ক্যামেরায় ইতিবাচক সাড়া
তিনি বলেন, রাজধানীতে এআই ক্যামেরা চালুর মাত্র দুই মাসের মধ্যেই নগরবাসীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক আইন মেনে চলছেন, সিগন্যাল অনুসরণ করছেন এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
যানজটের প্রধান কারণ যা বলছে ডিএমপি
ডিএমপির ট্রাফিক প্রধানের মতে, ঢাকার যানজটের অন্যতম কারণ হলো মিশ্র যানবাহনের চলাচল। একই সড়কে যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন চলাচল, অনিয়ন্ত্রিত অটোরিকশা, আনফিট যানবাহনের উপস্থিতি এবং উন্নত গণপরিবহনের অভাব পরিস্থিতিকে আরও জটিল করছে।
তিনি আরও বলেন, পথচারীদের যত্রতত্র রাস্তা পারাপারের প্রবণতাও ট্রাফিক ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ। অনেকেই ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করে রাস্তা পার হন, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।
প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার দিকে ডিএমপি
আনিছুর রহমান বলেন, রাজধানীর কোথায় কখন যানজট বেশি হয়, সে বিষয়ে ডিএমপির স্পষ্ট ধারণা রয়েছে। সে অনুযায়ী বিভিন্ন এলাকায় ট্রাফিক সদস্য মোতায়েন করা হয়। তবে ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু ম্যানুয়াল ব্যবস্থাপনায় নয়, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।