রাজধানী ঢাকায় সোমবার সকাল থেকে আবারও ভারি বৃষ্টি শুরু হওয়ায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সড়কে পানি জমে অফিসগামী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে।
এর আগে শনিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে রাজধানীর অনেক সড়ক পানিতে তলিয়ে যায়। রোববার দুপুর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকলেও বিকেলের দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয় এবং জমে থাকা পানি ধীরে ধীরে নেমে যায়। তবে সোমবার সকাল থেকে পুনরায় ভারি বৃষ্টি শুরু হওয়ায় বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা অর্থাৎ দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনাও জানিয়েছে সংস্থাটি।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলেও বৈরী আবহাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যার মধ্যে দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
ঝুঁকিতে থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে, তাই প্রয়োজন অনুযায়ী হালনাগাদ পূর্বাভাস অনুসরণ করা উচিত।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।