ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল। রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় পর্যটক এক্সপ্রেস, যা ঢাকা থেকে এসে চট্টগ্রামে পৌঁছেছিল।
সকাল থেকে চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টি হলেও ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয় বাংলাদেশ রেলওয়ে। ট্রেন চলাচল শুরুর আগে দুপুরে নগরের ষোলশহর রেলস্টেশন পরিদর্শন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন।
তিনি জানান, সাম্প্রতিক রেকর্ড পরিমাণ বৃষ্টিতে রেললাইনের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় সরকারের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত অংশে পাথর ফেলে রেললাইন প্রায় এক ফুট উঁচু করা হয়েছে। শনিবার দিন-রাত কাজ শেষে রেলপথকে আবার ট্রেন চলাচলের উপযোগী করা হয়।
রেলওয়ের পূর্বাঞ্চল জোনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফারহান মাহমুদ জানান, রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। এর আগে জানালিহাট স্টেশনে আটকে থাকা প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে আনা হয়।
গত ৪ জুলাই থেকে শুরু হওয়া টানা বর্ষণের ফলে মঙ্গলবার সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া পর্যন্ত রেলপথ দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। এর ফলে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস মাঝপথে আটকে পড়ে এবং পরে সেটিকে ষোলশহর হয়ে চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। একই রাতে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম–কক্সবাজার রুটে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া ট্রেন চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ট্রেন ঢাকা থেকে পরিচালিত হয়। প্রতিদিন এই রুটে প্রায় ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করেন। পাঁচ দিন ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছিল।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।