রাজধানীর কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতরা হলেন রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)।
শনিবার (১১ জুলাই) ভোরের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহতদের সহকর্মী সজীব জানান, শুক্রবার রাতে বরইতলা এলাকার আরিফ মিয়ার বাড়িতে গ্যাস লাইনের কাজ চলছিল। কাজের একপর্যায়ে হঠাৎ পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক দগ্ধ হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহত রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। অপর দুই শ্রমিকের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের শরীরে চিকিৎসা ও ড্রেসিং চলমান থাকায় দগ্ধের সুনির্দিষ্ট পরিমাণ পরে নির্ধারণ করা হবে। বর্তমানে তিনজনই আশঙ্কামুক্ত রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আহতদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস লাইনের কাজ করার সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।