দেশের সরকারি স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ২৫ হাজার ধাত্রী (মিডওয়াইফ) এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, মাতৃস্বাস্থ্যসেবা আরও উন্নত করতে সরকারি পর্যায়ে ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেওয়া হবে। তারা দেশের বিভিন্ন এলাকায় গর্ভবতী মায়েদের নিরাপদ ও স্বাভাবিক প্রসবে উৎসাহিত করবেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে পর্যায়ক্রমে ১ লাখ স্বাস্থ্যকর্মীও নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও জানান, উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার সরকারি হাসপাতালগুলো ধাপে ধাপে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর চাপ কমানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলা ও উপজেলা পর্যায়ে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। এতে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য অপ্রয়োজনে ঢাকামুখী হতে হবে না এবং স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা পাওয়া সহজ হবে।
এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তার সফরকে ঘিরে হাসপাতাল এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।