পটুয়াখালীর বাউফলে এশার নামাজ আদায় করতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মুসা (৫৫) নামে এক গণিত শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মুসা নুরাইনপুর অগ্রাণী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক (গণিত) ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে নুরাইনপুর বাজার জামে মসজিদের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
ধাক্কার ফলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রউফ জানান, সড়কে পড়ে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।