মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি তার বিরুদ্ধে কোনো ধরনের গুপ্তহত্যার চেষ্টা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাবে।
শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প লিখেছেন, “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে লক্ষ্য করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। এরপর আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। যদি ইরান বিশ্বের যেকোনো স্থান থেকে মার্কিন প্রেসিডেন্টকে, অর্থাৎ আমাকে, গুপ্তহত্যা করে বা এমন চেষ্টা চালায়, তাহলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও দাবি করেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইতোমধ্যে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি প্রয়োজন হলে সেই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
ট্রাম্প বলেন, “ইরানের যেকোনো স্থানে প্রয়োজনীয় সামরিক অভিযান পরিচালনায় মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, সক্ষম এবং প্রয়োজনে তা বাস্তবায়নে দ্বিধা করবে না।”
অন্যদিকে ট্রাম্পের বক্তব্যের জবাবে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না।
তিনি বলেন, “আমরা সবসময় নিজেদের প্রতিরক্ষার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র যদি কোনো সমঝোতা থেকে সরে আসে বা প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে ইরান প্রস্তুত রয়েছে।”
গালিবাফ আরও বলেন, “বিশ্ব শান্তি চায়, কিন্তু ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের অবসান হবে না। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আমরা আপস করব না।”
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে। উভয় পক্ষের এমন কঠোর বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।