ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী বিমান দেশটির পূর্বাঞ্চলের পবিত্র নগরী মাশহাদে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাহান এয়ারের মরদেহবাহী বিমানটি অবতরণের পর মাশহাদ বিমানবন্দরে চলাচল করছে। উল্লেখ্য, মাশহাদই খামেনির জন্মস্থান।
এর আগে ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে লাখো শোকাহত মানুষ অংশ নেন।
খামেনির মৃত্যুর পর গত ছয় দিন ধরে ইরান ও ইরাকজুড়ে শোকানুষ্ঠান ও শেষ শ্রদ্ধা নিবেদনের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে নাজাফ, কারবালাসহ একাধিক স্থানে জানাজা ও দোয়ার আয়োজন করা হয়। নাজাফ থেকে মাশহাদে মরদেহ স্থানান্তরের মাধ্যমে সেই কর্মসূচির শেষ ধাপ সম্পন্ন হলো।
খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানিয়েছেন, জীবদ্দশায় আয়াতুল্লাহ আলী খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাকে যেন মাশহাদে ইমাম রেজার (আ.) পবিত্র মাজারের নিকটে দাফন করা হয়।
তার সেই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে মাশহাদেই তার দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।