যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, টিকটকে তিনিই সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। এমনকি পপ তারকা টেইলর সুইফটও তার অনেক নিচে অবস্থান করছেন বলে মন্তব্য করেন তিনি। তবে প্রকাশিত তথ্য ও পরিসংখ্যান তার এই বক্তব্যকে পুরোপুরি সমর্থন করছে না।
হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তিনি টিকটকের এক নম্বর ব্যক্তি। বক্তব্যের এক পর্যায়ে তিনি মজার ছলে টিকটককে ‘টিক ট্যাক’ বলেও উল্লেখ করেন।
তবে ট্রাম্পের শেয়ার করা তথ্যচিত্রে তাকে বিশ্বের সবচেয়ে বেশি অনুসরণ করা এবং সবচেয়ে বেশি দেখা রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে সাধারণ টিকটক ব্যবহারকারী, কনটেন্ট নির্মাতা কিংবা বিনোদন জগতের তারকাদের সঙ্গে কোনো তুলনা করা হয়নি।
প্রকাশিত তথ্যে আরও দেখা যায়, ট্রাম্পের নামে উল্লেখ করা প্রায় ৪২৫ বিলিয়ন ভিউ মূলত #Trump হ্যাশট্যাগ ব্যবহার করে তৈরি বিভিন্ন ভিডিওর মোট দর্শকসংখ্যা। এতে তার নিজের অ্যাকাউন্টের ভিডিও ছাড়াও সমর্থক, সমালোচক এবং অন্যান্য ব্যবহারকারীদের তৈরি ভিডিওও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এই সংখ্যা ব্যক্তিগত জনপ্রিয়তার সরাসরি সূচক নয়।
অনুসারীর সংখ্যার দিক থেকেও ট্রাম্প পিছিয়ে রয়েছেন। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে অনুসারী প্রায় ১ কোটি ৬৭ লাখ। অন্যদিকে টেইলর সুইফটের অনুসারী প্রায় ৩ কোটি ৩৫ লাখ, যা ট্রাম্পের তুলনায় প্রায় দ্বিগুণ।
এদিকে টিকটকের সবচেয়ে বেশি অনুসারী থাকা নির্মাতাদের তালিকার শীর্ষে রয়েছেন খাবি লেইম। তার পরে অবস্থান করছেন চার্লি ডি’অ্যামিলিও এবং মিস্টারবিস্ট।
সংবাদ সম্মেলনে ট্রাম্প টিকটকের চীনা মালিকানা ও জাতীয় নিরাপত্তা ইস্যুতেও কথা বলেন। তবে প্রকাশ্যে থাকা তথ্য অনুযায়ী, তিনি বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয় হলেও টিকটকের সব ব্যবহারকারী বা সেলিব্রিটিদের মধ্যে এক নম্বরে রয়েছেন, এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: সামা টিভি
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।