ইরানে নতুন দফায় প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং সম্ভাব্য হুমকি কমানোর লক্ষ্যেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং সামরিক রসদ সরবরাহ অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের জন্য সম্ভাব্য ঝুঁকি কমাতে এসব স্থাপনায় হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাও অভিযানের অন্যতম উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়।
সেন্টকম আরও জানায়, আগের রাতের অভিযানের ধারাবাহিকতায় নতুন এ হামলা পরিচালিত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, তারা ইরানের ৮০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে।
এদিকে নতুন হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রতিবেশী দেশগুলো। অন্যদিকে মার্কিন অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ইরান এবং এ ঘটনায় তাদের প্রতিক্রিয়ার ইঙ্গিতও দিয়েছে তেহরান।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।