যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ইরানের ওপর যেকোনো হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ পরিচালনা তেহরানের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে।
বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, ওয়াশিংটন এখনো বুঝতে পারেনি যে শক্তি প্রদর্শন ও প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হয়।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও হামলার পথ বেছে নেয়, তাহলে পালটা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে চলাচল ইরানের নির্ধারিত শর্ত অনুযায়ী পরিচালিত হবে এবং বাইরের কোনো চাপের কাছে তেহরান নতি স্বীকার করবে না।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, বুধবার ভোরে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত আটজন ইরানি সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমান ও নৌবাহিনীর সদস্যও রয়েছেন বলে জানানো হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত প্রতিশোধমূলক অভিযানের প্রথম ধাপ। তাদের দাবি, কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলি আল সালেম ঘাঁটির পাশাপাশি বাহরাইনের জুফায়ের এবং শেখ ইসা সামরিক ঘাঁটিও এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল।
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।