সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি, ধূলিঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় নতুন আবহাওয়া সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে মক্কা ও মদিনা অঞ্চলে দিনের বেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানানো হয়েছে।
সতর্কবার্তায় বাসিন্দাদের পাশাপাশি হজ ও ওমরাহ পালনকারী ভ্রমণকারীদেরও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মক্কা ও মদিনার পাশাপাশি আল-জাওফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল-কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চল এবং নাজরানের কয়েকটি এলাকায় ধূলিঝড় ও বালুবাহী প্রবল বাতাস বয়ে যেতে পারে। এতে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি সড়ক ও দৈনন্দিন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহাওয়াও অস্থিতিশীল থাকতে পারে। জাজান, আসির, আল-বাহা এবং মক্কার দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।
পরিস্থিতি বিবেচনায় অপ্রয়োজনে রোদে দীর্ঘসময় অবস্থান না করা, পর্যাপ্ত পানি পান করা এবং ধূলিঝড়ের সময় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।