আর্জেন্টিনা ও মিশরের বিশ্বকাপ ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি মিসকে কেন্দ্র করে কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত প্রায় ১১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি চায়ের দোকানে বসে স্থানীয়রা আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ উপভোগ করছিলেন। খেলার এক পর্যায়ে লিওনেল মেসি পেনাল্টি মিস করলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু নামে দুই ব্যক্তি শরিফুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দা ইকরাম উল্যাহ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল যুবক প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এমন ঘটনা বন্ধে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কুমার দাস বলেন, খেলা দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।