ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মামুন মনির (৩০) বাসটির সুপারভাইজার ছিলেন। তিনি নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ জানায়, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা নাহিদ সুপার পরিবহনের বাসটি রায়াপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে বাসের সুপারভাইজারসহ আহত যাত্রীদের ঝালকাঠি ও বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠান।
ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আল মামুন মনিরকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।