নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে, যাতে সরকারপ্রধান জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, যাতে জনগণ নিজেদের সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপরই আমার আস্থা রাখতে চাই। তাই নিরাপত্তা ব্যবস্থা যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কেক কেটে পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং সদর দপ্তর প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। এ সময় তিনি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে নিহত পাঁচজন পিজিআর সদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সশস্ত্র বাহিনীকে দেশের সাহস ও গৌরবের প্রতীক উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাহিনীর অবদান দেশের মানুষের সঙ্গে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তিনি বলেন, পিজিআরের দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং এবং যেকোনো কঠিন পরিস্থিতিতে তাদের পেশাদারিত্ব প্রশংসার দাবিদার।
ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা কৌশলের পাশাপাশি সাহস, সততা, শৃঙ্খলা এবং বিশ্বস্ততা বাহিনীর সবচেয়ে বড় শক্তি।
প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশপ্রেম, কঠোর নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।