ভারতের গুজরাটের রাজকোট জেলার গোন্ডাল তালুকের গুন্ডালা গ্রামে ২৩ বছর বয়সী এক যুবককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হলেও ময়নাতদন্ত ও তদন্তে হত্যার প্রমাণ মেলায় মামলা দায়ের করা হয়।
নিহত যুবকের নাম রাম বাবুবাই বামভাভা। গত ৩০ জুন এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাম দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদ্যপানে আসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই বিরোধ হতো। ঘটনার দিনও একই বিষয়কে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে তার মা জোর করে মুখে অ্যাসিড ঢেলে দেন এবং বাবা শারীরিক নির্যাতনের পাশাপাশি শ্বাসরোধ করে হত্যা করেন বলে তদন্তে উঠে এসেছে।
ঘটনার পর অভিযুক্তরা এটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করেন। এমনকি দ্রুত ময়নাতদন্ত সম্পন্ন করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদনে স্পষ্ট হয়, অ্যাসিডের প্রভাব এবং শ্বাসরোধ দুই কারণেই রামের মৃত্যু হয়েছে। এরপর নিহতের স্ত্রী বংশীবেন বামভাভা, যার সঙ্গে চার মাস আগে রামের বিয়ে হয়েছিল, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বাবা বাবুবাই বামভাভা ও মা মণীষাবেনকে গ্রেপ্তার করেছে। ঘটনার নেপথ্যের কারণ ও অন্যান্য দিক খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।