বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘সুমতি’তে কে অভিনয় করবেন, তা নিয়ে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে চলছে নানা জল্পনা। সেই আলোচনার কেন্দ্রেই উঠে এসেছে আলিয়া ভাটের নাম।
বিনোদনভিত্তিক বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, পারিশ্রমিক ও শুটিং সূচি নিয়ে মতপার্থক্যের কারণে দীপিকা পাড়ুকোন নাকি ‘কল্কি ২’ থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর থেকেই নির্মাতারা নতুন মুখ খুঁজছেন বলে খবর ছড়িয়েছে।
প্রথমদিকে এই চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়ার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত বিষয়টি এগোয়নি। বর্তমানে আলিয়া ভাটকে ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা চলছে। যদিও এ বিষয়ে নির্মাতা কিংবা অভিনেত্রীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সম্প্রতি আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ সিনেমার ট্রেলার প্রকাশের পর সেটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন প্রভাস। ট্রেলারের প্রশংসা করে তিনি পুরো টিমকে শুভকামনা জানান। জবাবে আলিয়াও তাকে ধন্যবাদ জানান।
এই সৌজন্য বিনিময়ের পর থেকেই সামাজিক মাধ্যমে অনেকে ধারণা করছেন, ‘কল্কি ২’-এ আলিয়ার যুক্ত হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। যদিও এসব আলোচনা এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
পরিচালক নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তির পর বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমাটিতে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসানের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়। গল্পে ‘সুমতি’ চরিত্রটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ তার গর্ভেই বিষ্ণুর দশম অবতার কল্কির জন্ম হওয়ার কাহিনি তুলে ধরা হয়েছে।
এদিকে বিভিন্ন প্রতিবেদনে আরও দাবি করা হচ্ছে, দীপিকা বর্তমানে শাহরুখ খানের ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ফলে ‘কল্কি ২’-এ তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে আলিয়া ভাট সত্যিই ‘কল্কি ২’-এ অভিনয় করবেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে দর্শকদের।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।