রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর বিজি-১৪৮ ফ্লাইটে যৌথ অভিযানে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ। তিনি জানান, বিমানটির কার্গো হোলে তল্লাশি চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযানটি পরিচালনা করে।
এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে উদ্ধার হওয়া সোনার উৎস, কার্গো হোলে কীভাবে সেগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।