জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে আরও এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির সতর্ক অবস্থান ও স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই যুবক আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
সোমবার (১৫ জুন) দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার ঝাওডাঙ্গা সীমান্তের ১০৭৮ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, এর আগেও জামালপুর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সর্বশেষ ঘটনায়ও একই ধরনের চেষ্টা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে একজনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তেও একই ধরনের একটি ঘটনা ঘটে। সেখানে ষষ্টি চন্দ্র বর্মন নামে এক বৃদ্ধ প্রায় ২৪ ঘণ্টা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝামাঝি শূন্যরেখায় অবস্থান করেন।
পরে বিজিবি তাকে উদ্ধার করে। বিজিবি সূত্র জানায়, তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশি নাগরিক। ১১ জুন সকালে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে জামালপুর সীমান্তে একাধিক পুশইনের অভিযোগ সামনে আসায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।