২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পাস হওয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে শুভেচ্ছা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।
মঙ্গলবার দুপুরে নটরডেম কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে আরামবাগ, ফকিরাপুল মোড় ও নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নতুন অর্থবছরের বাজেট দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে তারা আশা করছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর ভবিষ্যতে বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তারা।
মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতুসহ মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।