জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় একমাত্র আসামি ছিলেন হাসানুল হক ইনু। তার বিরুদ্ধে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ মামলার তদন্ত শুরু হয়। একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। পরে ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়।
এরপর বিস্তারিত শুনানি শেষে গত বছরের ২ নভেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়েছে।
মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগের ঘটনায় দায়ের করা হয়েছিল।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।