ফরিদপুরের আলফাডাঙ্গায় বাড়ি ফেরার পথে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিনের পূর্ববিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বড়ভাগ গ্রামের পূর্বপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুমন শেখ বড়ভাগ গ্রামের বাসিন্দা আলাউদ্দিন শেখের ছেলে। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনের পরিবারের সঙ্গে একই গ্রামের একটি পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার কাশিয়ানী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পূর্বপাড়া এলাকায় পৌঁছালে একদল হামলাকারী তার পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত সুমনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই শামীম শেখ অভিযোগ করেন, কয়েক দিন আগেও একই পক্ষ তার ভাইকে মারধর করেছিল। এবার পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান বলেন, হামলার ঘটনায় কলেজছাত্রের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।