প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের ভিসা কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে। পাশাপাশি মেডিকেল ভিসা কার্যক্রমও চলমান রয়েছে এবং ধীরে ধীরে এর পরিধি আরও বিস্তৃত করা হবে।
একই দিনে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিজের পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব পালনের কার্যক্রম আরও এগিয়ে যায়।
এর আগে গত ১২ জুন তিনি পেট্রাপোল স্থলবন্দর হয়ে বেনাপোলে পৌঁছান। সেখানে বাংলাদেশের বিভিন্ন সরকারি সংস্থা, ভারতীয় দূতাবাস এবং বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান। এরও আগে ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের অনুমোদনপত্র গ্রহণ করেন।
ভারতের জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ দীনেশ ত্রিবেদীর জন্ম ১৯৫০ সালে নয়াদিল্লিতে। গুজরাটি পরিবারে জন্ম হলেও তার বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের কলকাতায়। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল এবং তৃণমূল কংগ্রেসে দায়িত্ব পালন করার পর ২০২১ সালে তিনি বিজেপিতে যোগ দেন। পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার লোকসভা ও রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
চলতি বছরের এপ্রিলে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে তার নিয়োগের ঘোষণা দেয় নয়াদিল্লি। তিনি প্রণয় কুমার ভার্মারের স্থলাভিষিক্ত হয়েছেন।
নতুন এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে ভারত ভ্রমণের অপেক্ষায় থাকা বাংলাদেশি পর্যটকদের জন্য আবারও সুযোগ তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।