দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে হওয়া এই দুই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। দুই কম্পনের কেন্দ্রস্থলই ছিল দেশের উত্তরাঞ্চলীয় উপকূলবর্তী এলাকায়।
ভূমিকম্পের তীব্রতা রাজধানী কারাকাসসহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। বিভিন্ন স্থানে ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খোঁজে অভিযান চালাচ্ছেন।
এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইউএসজিএসের প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, এই দুর্যোগে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। সংস্থাটির মূল্যায়নে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ১ লাখের বেশি প্রাণহানির ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করা হয়েছে।
ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি তৎপরতা শুরু করেছে। কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। আফটারশকের আশঙ্কা থাকায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।