আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে নকল এবং প্রশ্নফাঁস প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যে কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটবে, সেখানে দায়িত্বে থাকা কেন্দ্রপ্রধান বা প্রতিষ্ঠানের প্রধানকেও জবাবদিহির আওতায় আনা হবে।
বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিভিন্ন শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষাকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে। প্রশ্নপত্র ফাঁস বা অনিয়মের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি থাকবে। নকল বা অন্য কোনো অনিয়মের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে কেন্দ্রসচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
খাতা মূল্যায়ন প্রসঙ্গেও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, পরীক্ষকদের দেওয়া নম্বরের যথার্থতা নিশ্চিত করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে। মূল্যায়নে গাফিলতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সভায় তিনি আরও জানান, শিক্ষা ব্যবস্থাকে নির্ধারিত সময়সূচিতে ফিরিয়ে আনতে ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষা সংক্রান্ত বিদ্যমান আইনেও সংশোধন আনা হয়েছে। এর ফলে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও জবাবদিহি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।