বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে দীর্ঘদিন ধরে অটুট থাকা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দেন তিনি।
রেকর্ড ভাঙার পরই মেসিকে অভিনন্দন জানিয়েছেন ক্লোসা নিজেই। জার্মান এই সাবেক তারকা মেসির প্রশংসায় বলেন, তার কাছে মেসিই সর্বকালের সেরা ফুটবলার।
ক্লোসা বলেন, তিনি সবসময়ই বিশ্বাস করেছেন মেসি কোনো সাধারণ খেলোয়াড় নন। বরং ফুটবল ইতিহাসে তার অবস্থান আলাদা উচ্চতায়। রেকর্ড ভাঙলেও তার প্রতি কোনো আক্ষেপ নেই বলেও জানান এই কিংবদন্তি।
৪৮ বছর বয়সী ক্লোসা ২০১৪ সাল থেকে ১৬ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে ছিলেন। তবে আগেই তিনি জানিয়েছিলেন, কোনো একদিন এই রেকর্ড ভাঙবে এবং সেটা মেসির হাতেই হোক, এতে তার কোনো আপত্তি নেই।
ডালাসের ম্যাচে শুরুটা অবশ্য মেসির জন্য ভালো ছিল না। ম্যাচের নবম মিনিটে পাওয়া পেনাল্টি তিনি মিস করেন। তবে সেই ব্যর্থতা তাকে থামাতে পারেনি।
৩৮তম মিনিটে গোল করে বিশ্বকাপে নিজের ১৭তম গোল পূর্ণ করেন মেসি। পরে আরেকটি গোল করে মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৮-তে, যা তাকে বিশ্বকাপ ইতিহাসে এককভাবে শীর্ষে পৌঁছে দেয়।
এই অর্জনের পর ফুটবল দুনিয়ায় নতুন করে শুরু হয়েছে মেসি বন্দনা। ক্লোসার স্বীকৃতিও সেই আলোচনাকে আরও জোরদার করেছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।