বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জনের পর শুধু মাঠের পারফরম্যান্স নয়, মানবিক বার্তার কারণেও আলোচনায় এসেছে ইরান। ম্যাচ শেষে ড্রেসিংরুমে একটি হাতে লেখা নোট রেখে যায় দলটি, যা ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের দৃষ্টি কেড়েছে।
লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে গোলশূন্য ড্র করে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে ইরান। ম্যাচের পর ইরান ফুটবল ফেডারেশন ড্রেসিংরুমে রেখে যাওয়া বার্তাটির ছবি প্রকাশ করে।
সেই বার্তায় ইরানি দল লিখেছে, হাজার বছরের ঐতিহ্য বহনকারী পারস্য সভ্যতা থেকে আধুনিক ইরান পর্যন্ত তাদের চেতনা এখনও অটুট রয়েছে। একই সঙ্গে লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।
বার্তায় আরও উল্লেখ করা হয়, তারা গর্ব নিয়ে মাঠে নেমেছে, সম্মানের সঙ্গে খেলেছে এবং মর্যাদা বজায় রেখেই মাঠ ছেড়েছে। এছাড়া দলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানো ইরানি সমর্থকদের প্রতিও বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে।
নোটের শেষাংশে বিশ্বের সব দেশের মানুষের মধ্যে শান্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বের আহ্বান জানানো হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে।
চলতি বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেসে নিজেদের দুটি ম্যাচ খেলেছে ইরান। তবে দলটির বেসক্যাম্প রয়েছে মেক্সিকোর তিজুয়ানায়। সেখান থেকে যুক্তরাষ্ট্রে এসে ম্যাচ খেলতে হচ্ছে তাদের।
ইরান দলের ভ্রমণ ও অবস্থান নিয়ে কিছু প্রশাসনিক বিধিনিষেধ থাকায় বিষয়টি শুরু থেকেই আলোচনায় ছিল। দলটির কোচ আমির গালেনোয়ি একাধিকবার এসব সীমাবদ্ধতার সমালোচনাও করেছেন। তার দাবি, অন্য কোনো দলকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।
তবে সব প্রতিকূলতার মাঝেও নকআউটে ওঠার আশা এখনও বেঁচে আছে ইরানের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের ফলই নির্ধারণ করবে বিশ্বকাপে তাদের যাত্রা কতদূর এগোবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।