দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে আজ রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (২১ জুন) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকাও ত্যাগ করার কথা রয়েছে তার। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক, শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশেষ গুরুত্ব পাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়টি। পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা সহযোগিতা এবং বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রেও আলোচনা হবে।
সফরকে ঘিরে কুয়ালালামপুরে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। শহরের বিভিন্ন সড়কে বাংলাদেশের ও মালয়েশিয়ার পতাকা দিয়ে সাজানো হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও সফর ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
প্রধানমন্ত্রী কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে অবস্থান করবেন বলে জানা গেছে। সেখানে প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।
সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিনসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
প্রবাসীদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে শ্রমবাজারে স্বচ্ছতা, কলিং ভিসা প্রক্রিয়ায় জটিলতা দূর এবং অনিয়মিত কর্মীদের বৈধতার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে উচ্চশিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাও নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।