দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই মারা গেছে ৬ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মৃত্যু হয়েছে ৯৩ জনের। বাকি ৫৮৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এ সময়ের মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জনের শরীরে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছে ৯১ হাজার ৭৮৯ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হামসদৃশ উপসর্গে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৮৩ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।