উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে নিজেদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আচরণকে ফুটবল ইতিহাসে ‘কালো অধ্যায়’ হিসেবে আখ্যা দিয়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা অভিযোগ করেছেন, ভ্রমণ ও প্রস্তুতি সংক্রান্ত বিধিনিষেধ তাদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়াত মোমবেনি বলেন, একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন আচরণ প্রতিযোগিতার নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি বলেন, “এটি বিশ্বকাপের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে।”
ইরানের অভিযোগ অনুযায়ী, দলটি চেয়েছিল বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে নির্ধারিত সময়ের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছে তারা।
অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করা হয়েছে। হোয়াইট হাউসের টাস্কফোর্স নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি জানিয়েছেন, সব দলকেই একই নিয়ম অনুসরণ করতে হচ্ছে এবং ইরানকেও আগেই বিষয়টি জানানো হয়েছিল।
তিনি বলেন, ইরান দলকে কেবল ম্যাচের আগের দিনই ভেন্যুতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, যা টুর্নামেন্টের নির্ধারিত নিয়ম অনুযায়ী।
তবে ইরান ফুটবল ফেডারেশন দাবি করছে, ‘ব্যতিক্রমী পরিস্থিতি’ থাকায় তাদের আগেভাগে যাতায়াতের সুযোগ দেওয়া উচিত ছিল।
মোমবেনি আরও বলেন, যারা ফিফার নিয়ম সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে না, তাদের এমন টুর্নামেন্ট আয়োজন করা উচিত নয়।
২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এমন পরিস্থিতিতে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী দলের মধ্যে এই উত্তেজনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।