২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ গোলের পরাজয়ের পর নকআউট পর্বে ওঠার সব সম্ভাবনা হারিয়েছে ক্যারিবিয়ান দেশটি।
শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মাতেউস কুনিয়া। এছাড়া একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন ভিনিসিয়ুস জুনিয়র। তাদের দুর্দান্ত পারফরম্যান্সেই সহজ জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই হারের ফলে দুই ম্যাচ শেষে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি হাইতি। শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে জিতলেও তাদের ভাগ্য আর বদলাবে না।
গ্রুপের জটিল সমীকরণে হাইতির একমাত্র আশা ছিল নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়া এবং অন্য ম্যাচের ফল নিজেদের পক্ষে আসা। কিন্তু নতুন টাইব্রেকার নিয়মের কারণে সেই সম্ভাবনাও শেষ হয়ে গেছে।
চলতি বিশ্বকাপে সমান পয়েন্ট হলে প্রথমে গোল ব্যবধান নয়, বরং মুখোমুখি লড়াইয়ের ফলাফল বিবেচনা করা হচ্ছে। আর গ্রুপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় পয়েন্ট সমান হলেও তাদের ওপরে ওঠার সুযোগ থাকছে না।
ফিফার নতুন এই নিয়মের ফলে বড় ব্যবধানে জয়ের পরিবর্তে সরাসরি প্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে ফলাফল বেশি গুরুত্ব পাচ্ছে। সেই নিয়মেই দ্বিতীয় ম্যাচ শেষ হওয়ার আগেই কার্যত বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় হাইতির।
দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছিল দেশটি। ১৯৭৪ সালের পর এবারই প্রথম ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলার সুযোগ পেয়েছিল হাইতি। তবে প্রত্যাবর্তনের সেই গল্প বেশিদূর এগোয়নি।
যদিও বিদায় নিশ্চিত হয়েছে, তবুও শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে সম্মান রক্ষার লড়াইয়ে মাঠে নামবে হাইতির ফুটবলাররা।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।