বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়াটা যেন লিওনেল মেসির অভ্যাসে পরিণত হয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচেই একাধিক মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে শুধু দলকে জেতাননি, নিজের নামও তুলেছেন রেকর্ড বইয়ের নতুন পাতায়।
কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচেই তিনি গোল করে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম অভিজাত ক্লাবে জায়গা করে নেন।
ম্যাচের প্রথমার্ধে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। সেই গোলের মাধ্যমে তিনি এমন একটি কীর্তি গড়েন, যা আগে মাত্র একজন ফুটবলারের দখলে ছিল।
মেসি এখন পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল করা ফুটবলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। এর আগে এই রেকর্ডের একমাত্র মালিক ছিলেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
আর্জেন্টাইন মহাতারকা ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। শুধু ২০১০ বিশ্বকাপে তিনি গোলের দেখা পাননি।
এদিকে এবারের বিশ্বকাপে মাঠে নামার মধ্য দিয়ে আরও একটি অনন্য রেকর্ড গড়েন মেসি। তিনি ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েছেন।
দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে অর্জনের প্রায় সব শিখরই স্পর্শ করেছেন মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা, ব্যালন ডি’অরসহ অসংখ্য সাফল্যের পরও তার রেকর্ডের খাতা সমৃদ্ধ হচ্ছে প্রতিনিয়ত।
এছাড়া ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার বিরল ক্লাবেও নাম লিখিয়েছেন তিনি। এর আগে এই মাইলফলকে পৌঁছেছিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল মুতাওয়া। এবার সেই তালিকায় যোগ হলো মেসির নামও।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই একাধিক রেকর্ড গড়ে আর্জেন্টাইন অধিনায়ক যেন স্পষ্ট বার্তা দিলেন, বয়স বাড়লেও তার প্রভাব এখনো কমেনি। বরং সবচেয়ে বড় মঞ্চে তিনি এখনও ইতিহাস লিখে চলেছেন নিজের মতো করেই।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।