বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে শুধু আর্জেন্টিনাকে জয়ই উপহার দেননি, নিজের বিশ্বকাপ ক্যারিয়ারেও যোগ করেছেন নতুন এক মাইলফলক। আর তার এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়ে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন সাবেক সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচ।
ম্যাচ শেষে ফক্স স্পোর্টসের বিশ্লেষণ অনুষ্ঠানে ইব্রাহিমোভিচ বলেন, মেসি এমন এক অবস্থানে পৌঁছে গেছেন যেখানে নতুন কোনো ট্রফি তার অর্জনের মূল্য নির্ধারণ করে না।
ইব্রার ভাষায়, যদি মেসি আরেকটি বিশ্বকাপও জিতে ফেলেন, সেটি তার সাফল্যের তালিকায় আরও একটি ট্রফি যোগ করবে মাত্র। আর যদি না জেতেন, তাতেও তার কিংবদন্তি মর্যাদার কোনো পরিবর্তন হবে না। কারণ তিনি ইতোমধ্যেই ফুটবলের সীমানা ছাড়িয়ে গেছেন।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মেসি। প্রথমার্ধে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে পূরণ করেন নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
তৃতীয় গোলটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ সেই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় নতুন উচ্চতায় পৌঁছে যান আর্জেন্টাইন অধিনায়ক। দীর্ঘদিন ধরে আলোচিত একটি রেকর্ডও স্পর্শ করেন তিনি।
৩৯ বছর বয়সেও মেসির ফিটনেস, খেলার নিয়ন্ত্রণ এবং বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে চলেছে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনি বুঝিয়ে দিয়েছেন, শিরোপা ধরে রাখার লড়াইয়ে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা এখনও তিনিই।
বার্সেলোনায় একসময় একই ড্রেসিংরুম ভাগাভাগি করা ইব্রাহিমোভিচও সেই বাস্তবতাই তুলে ধরেছেন। তার মতে, মেসিকে এখন আর শুধু একজন ফুটবলার হিসেবে মূল্যায়ন করা যায় না। তিনি এমন এক উচ্চতায় পৌঁছেছেন, যেখানে পরিসংখ্যান কিংবা ট্রফির হিসাবও অনেক সময় ছোট হয়ে যায়।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও মেসিকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সমর্থক থেকে শুরু করে সাবেক তারকা ফুটবলারদের অনেকেই মনে করছেন, বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন আর্জেন্টাইন মহাতারকা।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।