চলমান রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতার কারণে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইরান জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে ঘিরে স্বাভাবিক প্রস্তুতি ও আনন্দময় পরিবেশের বদলে এখন দলটির মধ্যে দেখা দিয়েছে মানসিক চাপ।
টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে ইরান অধিনায়ক মেহদি তারেমি জানান, এবারের আসরে ফুটবলের চিরচেনা আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে পা রাখার শুরু থেকেই তারা চাপের মধ্যে রয়েছেন। ভিসা সমস্যা, অনুশীলন ক্যাম্প স্থানান্তর এবং দীর্ঘ ভ্রমণ—সব মিলিয়ে প্রস্তুতি ব্যাহত হয়েছে দলটির।
শুরুর দিকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও তা বাতিল করে ইরান। পরে বাধ্য হয়ে মেক্সিকোর টিজুয়ানায় অনুশীলন ক্যাম্প স্থাপন করা হয়। সেখান থেকে ম্যাচের আগে প্রায় পাঁচ ঘণ্টা ভ্রমণ করে লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় দলটি। ম্যাচ শেষে আবার মেক্সিকোতে ফিরতে হবে তাদের। একই সঙ্গে অফিসিয়াল ও মিডিয়া টিমের ভিসা না পাওয়া নিয়েও রয়েছে বাড়তি জটিলতা।
তারেমি আরও বলেন, এমন পরিস্থিতিতে ফুটবলের আসল বার্তা—শান্তি ও আনন্দ—অনেকটাই হারিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “যখন যুদ্ধের মতো উত্তেজনা ও চাপ তৈরি হয়, তখন ফুটবলের যে শান্তির বার্তা, তা আর ঠিকভাবে প্রকাশ পায় না। শুধু আমরা না, আরও অনেক দলই ভিসা ও লজিস্টিক সমস্যায় আছে। ফলে বিশ্বকাপের যে উৎসবমুখর পরিবেশ থাকে, এবার সেটা কিছুটা কম অনুভূত হচ্ছে।”
দলের কোচও পরিস্থিতিকে স্বাভাবিকভাবে নিতে চেষ্টা করছেন। তিনি বলেন, ফুটবল বিভিন্ন জাতিকে এক সুতোয় বাঁধে, কিন্তু বর্তমান পরিস্থিতি দলের প্রস্তুতিতে প্রভাব ফেলছে। তবে তারা বাধা-বিপত্তিকে শক্তিতে রূপান্তর করার চেষ্টা করছেন।
লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে বড় ইরানি প্রবাসী দর্শকের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে গ্যালারিতে সমর্থন বিভক্ত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
তবে এসব নিয়ে খুব বেশি ভাবছেন না অধিনায়ক তারেমি। তার ভাষায়, ফুটবল কোনো রাজনীতি নয়।
তিনি বলেন, “আমরা এখানে শুধু ফুটবল খেলতে এসেছি। আমরা আমাদের দেশের মানুষদের জন্য খেলি, আবার বিদেশে থাকা ইরানিদের জন্যও খেলি। মতভেদ থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য একটাই—ফুটবলের মাধ্যমে সবাইকে এক করা।”
গ্রুপ ‘জি’-তে ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৭ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে তারা।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।