ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি পৃথকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন।
ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, পুতিনের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সংকট সমাধানে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন।
উশাকভের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প ইউরোপীয় মিত্র দেশগুলোর পাশাপাশি কিয়েভের সঙ্গেও সমন্বয় করে কাজ করতে প্রস্তুত। ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনেও এ বিষয়ে আলোচনা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ইউক্রেন ইস্যুতে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার শিগগিরই রাশিয়া সফরে যেতে পারেন।
তবে বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মনোযোগ অনেকটাই ইরান সংকটের দিকে চলে যাওয়ায় ইউক্রেন ইস্যুর আলোচনায় কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। রোববারের ফোনালাপেও ট্রাম্প ও পুতিন ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
উশাকভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা নিয়েও দুই নেতা মতবিনিময় করেছেন। ট্রাম্পের বিশ্বাস, জটিলতা থাকলেও আলোচনার ইতিবাচক ফলাফল খুব শিগগিরই সামনে আসতে পারে।
এদিকে পুতিনের সঙ্গে আলোচনার কিছুক্ষণ পর ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুদ্ধ পরিস্থিতি এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য উদ্যোগ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
জেলেনস্কি বলেন, বর্তমান পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে এমন কয়েকটি বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। তিনি ট্রাম্পকে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ অবস্থা এবং ইউক্রেনের অবস্থান সম্পর্কে অবহিত করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানান, আসন্ন জি-৭ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে তার সরাসরি বৈঠকের পরিকল্পনা রয়েছে। সেখানে যুদ্ধ বন্ধ এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য পথগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ধারাবাহিক যোগাযোগ ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত দিচ্ছে। তবে বাস্তব অগ্রগতি নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর রাজনৈতিক সদিচ্ছা এবং আলোচনার ফলাফলের ওপর।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।