রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে করা জেল আপিল কারা কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করা হয়েছিল। আদালত সেই আবেদন শুনানির জন্য গ্রহণ করে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ৯ জুন মৃত্যুদণ্ডের রায়ের অনুমোদন (ডেথ রেফারেন্স) সংক্রান্ত নথি হাইকোর্টে পাঠানো হয়। এর আগে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে।
চলতি বছরের ৭ জুন রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল আদালত। পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরে ২০ মে রাতেই নিহত শিশুর বাবা মামলা দায়ের করেন। দ্রুত তদন্ত শেষে চার দিনের মধ্যে চার্জশিট দাখিল করে পুলিশ।
পরবর্তীতে ২ জুন থেকে দ্রুত বিচার কার্যক্রম শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষ হয়।
অভিযোগ অনুযায়ী, শিশুটিকে কৌশলে বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
হাইকোর্টে জেল আপিল গ্রহণের মাধ্যমে মামলাটি এখন বিচারিক পরবর্তী ধাপে প্রবেশ করল।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।