জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে ক্রিকেটারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তামিম বলেন, নাঈমের সঙ্গে যা ঘটেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পরপরই তিনি এবং বোর্ডের অন্য পরিচালকেরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন।
তামিম জানান, শুক্রবার রাতে নাঈম তার সঙ্গে যোগাযোগ করার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ক্রিকেটার ও তার পরিবারের খোঁজখবর রাখা হচ্ছে।
তিনি বলেন, বিসিবি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। পাশাপাশি বিষয়টির সুষ্ঠু সমাধানে যা যা করণীয়, তা করতে প্রস্তুত রয়েছে বোর্ড।
বিসিবি সভাপতি আরও বলেন, নাঈমসহ দেশের সব ক্রিকেটারের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় বোর্ড সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পৃথক এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বোর্ডের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে শুক্রবার রাতে চট্টগ্রামে ফেরেন নাঈম হাসান। বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে নগরীর লালখানবাজার ফ্লাইওভারের কাছে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যান এবং শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে চট্টগ্রামের খুলশী থানার এক উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।