ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারে অর্জনের ঝুলি প্রায় পূর্ণ। ক্লাব ও জাতীয় দলের হয়ে অসংখ্য শিরোপা জিতলেও এখনো অধরা রয়ে গেছে বিশ্বকাপ ট্রফি। ২০২৬ বিশ্বকাপ সেই স্বপ্ন পূরণের আরেকটি সুযোগ এনে দিয়েছে পর্তুগাল অধিনায়কের সামনে।
তবে বিশ্বকাপ শুরুর আগে রোনালদোর ফিটনেস নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। প্রস্তুতি ম্যাচে কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে না পারায় সমালোচনাও শুনতে হয়েছে তাকে। এ নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন ৪১ বছর বয়সী এই তারকা।
ফিটনেস নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রোনালদো আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, “শারীরিকভাবে আমি ভালো আছি। আপনি কি আমার ম্যাচগুলো দেখেননি?”
বয়স বাড়লেও গোল করার ক্ষমতা যে এখনো কমেনি, তার প্রমাণ দিয়েছেন সৌদি প্রো লিগেও। আল নাসরের জার্সিতে ২০২৫-২৬ মৌসুমে ৩০ ম্যাচে ২৮ গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন তিনি। ধারাবাহিক এই পারফরম্যান্সই তাকে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী করে তুলেছে।
রোনালদো জানান, বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে তিনি সন্তুষ্ট। যদিও কঠোর অনুশীলনের কারণে প্রস্তুতি পর্ব কিছুটা ক্লান্তিকর ছিল বলেও স্বীকার করেন তিনি।
পর্তুগাল অধিনায়ক বলেন, “আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং ম্যাচগুলোতেও ভালো খেলেছি। কিন্তু আসল পরীক্ষা শুরু হবে প্রথম ম্যাচ থেকে। যখন চাপ বাড়বে, তখনই বোঝা যাবে কারা সত্যিকারের চ্যাম্পিয়ন।”
আগামী ১৭ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। অভিজ্ঞ রোনালদোর নেতৃত্বে শিরোপার স্বপ্ন দেখছে ইউরোপের দলটি। আর ব্যক্তিগতভাবে বিশ্বকাপ জয়ের অপূর্ণ স্বপ্ন পূরণেও এটি হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।