নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দারুণ এক জয় তুলে নিয়েছে মেক্সিকো। ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে স্বাগতিকরা।
খেলা শুরু হওয়ার পর থেকেই আক্রমণের ধার বাড়াতে থাকে মেক্সিকো। তার ফলও আসে দ্রুত। ম্যাচের নবম মিনিটে এরিক লিরার বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ান কুইনোনেস। এই গোলটিই ছিল এবারের বিশ্বকাপের প্রথম গোল, যা তাকে জায়গা করে দিয়েছে টুর্নামেন্টের ইতিহাসে।
প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় দলটি। ৪৯তম মিনিটে স্ফেফেলো সিতোলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আফ্রিকান প্রতিনিধিরা।
সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মেক্সিকো। ৬৭তম মিনিটে রোবার্তো আলভারাদোর ক্রস থেকে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল জিমেনেস।
শেষ দিকে মেক্সিকোও একটি লাল কার্ডের শিকার হয়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেজার মন্তেস মাঠ ছাড়লেও ততক্ষণে ম্যাচের ফল প্রায় নিশ্চিত হয়ে যায়।
পরিসংখ্যানেও ছিল মেক্সিকোর স্পষ্ট আধিপত্য। বলের দখল, আক্রমণ, শট এবং প্রতিপক্ষের বক্সে প্রবেশ সব ক্ষেত্রেই এগিয়ে ছিল স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকা পুরো ম্যাচে উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ হয়।
প্রায় পূর্ণ গ্যালারির সামনে পাওয়া এই জয় মেক্সিকোকে গ্রুপ পর্বে শুরুতেই সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। বিশ্বকাপের মঞ্চে ঘরের সমর্থকদের সামনে এমন জয় স্বাগতিকদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।
উল্লেখ্য, ২০১০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। সেবার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তবে এবার জয় নিয়ে মাঠ ছেড়েছে মেক্সিকানরা।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।