পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১২৩টি ফিরতি ফ্লাইটে মোট ৫৪ হাজার ৩২৩ জন হজযাত্রী দেশে ফিরেছেন। তবে চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৫০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।
সর্বশেষ গত ১১ জুন মদিনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেট সদর উপজেলার বাসিন্দা সুলতানা রাজিয়া চৌধুরী (৬৭)। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মৃত্যুবরণকারী ৫০ বাংলাদেশি হাজির মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
এদিকে দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন রয়েছেন।
হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস ২১টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ১৮ জন হজযাত্রী বিভিন্ন হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ১৮ এপ্রিল। শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। অন্যদিকে হাজিদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।