২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদনের পর বাজেট সংক্রান্ত বিল রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হবে।
এরপর বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
অর্থনৈতিক পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৬ শতাংশ। একই সঙ্গে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ৭ শতাংশ।
সরকারি সূত্র অনুযায়ী, এটি বর্তমান সরকারের প্রথম বাজেট। একই সঙ্গে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা আমির খসরু মাহমুদ চৌধুরীর জন্যও এটি প্রথম বাজেট উপস্থাপনা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, নতুন বাজেটে উন্নয়ন ব্যয় ও রাজস্ব আয়ের ভারসাম্য রক্ষাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।