দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ খাতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।
বুধবার (১০ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরে পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর করতে নতুন যানবাহন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার প্রস্তাব উত্থাপন করা হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসব যানবাহন সরবরাহ করবে। এ জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকার ক্রয়চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন যানবাহন যুক্ত হলে টহল, অপরাধ দমন, বিশেষ অভিযান এবং জরুরি সেবামূলক কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। বিশেষ করে দূরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশ সদস্যদের চলাচল সহজ হবে।
তারা আশা করছেন, এই উদ্যোগের ফলে মাঠপর্যায়ে পুলিশের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম আরও গতিশীল হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।