সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশ দিয়ে দেওয়া হাইকোর্টের রায়ের কার্যকারিতা আপাতত স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে সকালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়। গত ২১ মে সরকারপক্ষ আনুষ্ঠানিকভাবে আপিল দায়ের করে।
প্রকাশিত রায় অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য তিন মাসের মধ্যে একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি অধস্তন আদালতে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, পদায়ন, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলামূলক ব্যবস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও আসে রায়ে।
হাইকোর্ট তার রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের একটি অংশকে অসাংবিধানিক ঘোষণা করে বলেছিল, বিচারিক দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের প্রশাসনিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ব্যবস্থাপনার ক্ষমতা সুপ্রিম কোর্টের অধীন থাকবে।
এছাড়া অধস্তন আদালতের বিচারিক কর্মকর্তাদের জন্য ২০১৭ সালে প্রণীত শৃঙ্খলাবিধিও বাতিল ঘোষণা করা হয়েছিল।
উল্লেখ্য, বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের ২ সেপ্টেম্বর এ রায় দেন। পরে চলতি বছরের ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে হাইকোর্টের নির্দেশনা আপাতত কার্যকর হচ্ছে না। বিষয়টির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিদ্যমান অবস্থা বহাল থাকবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।